ষ্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড় জেলা বিএনপির উদ্যোগে পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরকে সমর্থন জানিয়ে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাটি পঞ্চগড় সুগার মিল মাঠে আয়োজন করা হয়, যেখানে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
আয়োজক সূত্রে জানা যায়, বিকেল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা মিছিলসহ জনসভাস্থলে জড়ো হতে থাকেন। সভাস্থলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দলীয় স্লোগান, ব্যানার-ফেস্টুন ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। জনসভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু,
প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং পঞ্চগড় জেলার সার্বিক উন্নয়ন নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকারের প্রতিশ্রুতিও দেন তিনি।
জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতারা, তিন উপজেলার বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা তাদের বক্তব্যে দলীয় ঐক্য জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করা এবং নির্বাচনী প্রচারণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ বলেন, পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তার প্রমাণ। তারা আশা প্রকাশ করেন, এই জনসমর্থন নির্বাচনের দিন ভোটে প্রতিফলিত হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
সভায় জেলা বিএনপি, তিন উপজেলা বিএনপি ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভা ঘিরে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং শেষ পর্যন্ত নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে একটি বড় রাজনৈতিক সমাবেশে রূপ নিয়েছে যা নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড