ক্রীড়া ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি সংস্করণে আয়োজিত হচ্ছে এবারের আসর। এছাড়া, টুর্নামেন্টের মোট প্রাইজমানি রাখা হয়েছে তিন লাখ মার্কিন ডলার, যা গত আসরের তুলনায় প্রায় দেড়গুণ বেশি।
এদিকে এশিয়া কাপে এবার ১৫তমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। ২০১৬ সাল থেকে টি-টোয়েন্টি ফরম্যাট যুক্ত হওয়ার পর এটি টুর্নামেন্টের ১৭তম আসর।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর ১৩ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলংকা ও আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব-লিটনরা।
এ ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে। সাম্প্রতিক সংঘাতের পর এশিয়া কাপে এ লড়াইকে ঘিরেই উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে গোটা ক্রিকেটবিশ্বে।
বিশ্বের যেখানেই দুই দেশ মুখোমুখি হোক না কেন, ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মানেই বাড়তি আবেগ, বাড়তি চাপ। মধ্যপ্রাচ্যের মাঠে সেই উত্তেজনা রূপ নেয় মহাঝড়ে।
অঞ্চলের বিপুল সংখ্যক ভারতীয় ও পাকিস্তানি দর্শকের কারণে স্টেডিয়াম ভরে যায় উৎসবমুখরতায়।
ভারত-পাকিস্তান সর্বশেষ মুখোমুখি হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, দুবাইয়ে ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেবার ছয় উইকেটে জিতে শিরোপা ঘরে তোলে ভারত। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারাই।
প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল খেলবে সুপার ফোরে।
সেখান থেকেও শীর্ষ দুটি দল ফাইনালে জায়গা করে নেবে। ফলে ভারত-পাকিস্তানের তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এশিয়া কাপ শুরুর আগেই রোমাঞ্চ ছড়িয়েছে পাকিস্তান শিবিরে। শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে শিরোপা জেতার পর অধিনায়ক সালমান আগা হুংকার দিয়ে ভারতকে জানিয়েছেন— ‘আমরা পুরোপুরি প্রস্তুত।’
তবে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘শৃঙ্খলা বজায় রাখুন, সীমা লঙ্ঘন করবেন না।’
এখন পর্যন্ত এশিয়া কাপে সর্বোচ্চ ৮ বার শিরোপা জিতেছে ভারত, শ্রীলঙ্কা জিতেছে ৬ বার, আর ২ বার জিতেছে পাকিস্তান। সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করতে চাইবে তারা। বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ-আফগানিস্তানও।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড